পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে টিসিবির ২০ টন গম জব্দ হাওলাদার ফুড প্রোডাক্টস মিল সিলগালা, এক লাখ টাকা জরিমানা

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুর সদর উপজেলার বড় ভাইজোড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সরকারি টিসিবির ২০ টন গম জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাওলাদার ফুড প্রোডাক্টস মিলকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ২০ মিনিটে পিরোজপুর সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সাহিদ ইকবাল সান ও পুলিশ সদস্যরা। অভিযানকালে হাওলাদার ফুড প্রোডাক্টস মিলে সরকারি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ গম মজুদ পাওয়া যায়। শ্রমিকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং মিলের মালিক ও ম্যানেজার অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে মিলটি সিলগালা করা হয়। পরে মালিক ও ম্যানেজারকে পরদিন (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। তবে সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পুনরায় অভিযানে দেখা যায়, তারা বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ এর ৩৮/৫৮ ধারা অনুযায়ী জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, টিসিবির পণ্য কোনো অবস্থাতেই অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রি করতে দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *