উত্তাল ভাঙ্গা বিকেলে শান্ত, উপজেলা পরিষদের প্রায় প্রতিটি কক্ষে ভাঙচুর করেছে হামলাকারীরা, অবশেষে পুলিশ আশ্রয় নিল মসজিদে
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দুপুরের সহিংস পরিস্থিতি ছিলো উত্তাল। বেলা ৩ টার পর কিছুটা প্রশমিত হয়েছে। ২ থেকে ২.৫ টা পর্যন্ত ভাঙ্গা গোলচত্বর ও আশপাশে হাজারো মানুষ অবস্থান করছিলেন। তিনটার পর থেকে ধীরে ধীরে লোকজন ঘরে ফিরে যান। বিকেল নাগাদ গোলচত্বর ফাঁকা হয়ে গেলেও অলিগলিতে এখনো আন্দোলনকারীদের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল এখনো বন্ধ রয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া হামিরদী বাসস্ট্যান্ড ও নওপাড়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ ও সোয়াদী বাসস্ট্যান্ডে অবরোধকারীরা অবস্থান করছেন। এতে দীর্ঘ সময় ধরে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, আজ দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সোয়া ১টার মধ্যে ভাঙ্গা উপজেলা ঘিরে এই হামলার ঘটনা ঘটে। তবে এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্য পাওয়া যায়নি। এক গণমাধ্যমকর্মী বলেন, ‘আমরা যখন ভাঙচুরের ঘটনাগুলো ধারণ করছিলাম, তখন বিক্ষোভকারীরা আমাদের দিকে তেড়ে আসে। তাঁরা ক্যামেরা ও মুঠোফোন কেড়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করি। এখন সবাই আত্মগোপনে আছি।’ ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে শুরু হওয়া ‘লং মার্চ টু ভাঙ্গা’ দুপুর ১২টার মধ্যে গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। বিক্ষোভকারীদের হাতে লাঠি দেখা গেছে। তখন ভাঙ্গা গোলচত্বরসহ আশপাশের এলাকায় হাজারো মানুষ নিয়ন্ত্রণ নেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অল্পসংখ্যক পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে তাঁদের ধাওয়া করে বিক্ষোভকারীরা। পরে পুলিশ সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নেন। ১০–১৫ মিনিট পর তাঁরা থানায় চলে যান।

