আদমদীঘিতে নাশকতা মামলায় কৃষকলীগের সভাপতি রেজানুর রহমান জেবা গ্রেপ্তার
আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় ওয়ার্ড কৃষকলীগের সভাপতি রেজানুর রহমান জেবা (৩৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার রেজানুর রহমান জেবা উপজেলার শালগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত নছিবে সুলতান এর ছেলে। তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদমদীঘি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে তাকে কে বগুড়া আদালতে পাঠিয়েছে। আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, কৃষকলীগের সভাপতি রেজানুর রহমান জেবা গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

