পিরোজপুরে সাংবাদিকদের সাথে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জামায়াত মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক সোহরাব হোসাইন জুয়েলের সভাপতিত্বে এবং জেলা মিডিয়া বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাসুদ সাঈদী বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পিছিয়ে পড়া পিরোজপুরকে আধুনিক ও উন্নত জেলায় রূপান্তর করাই আমার লক্ষ্য।” তিনি আরও বলেন, শত বছরের পুরনো পিরোজপুর পৌরসভায় আজও উন্নয়নমূলক কর্মকাণ্ড দৃশ্যমান নয়। সংকীর্ণ রাস্তা, নাজুক ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির অভাবসহ নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।পৌরসভা উন্নয়নের জন্য ৩৫০ কোটি টাকার একটি স্কিম মন্ত্রণালয়ে জমা দেওয়া,সুপেয় পানীয় জলের জন্য ৬টি পাওয়ার প্লান্ট বরাদ্দ (প্রতি প্লান্টে ৩ কোটি টাকা, মোট ১৮ কোটি টাকা),ইন্দুরকানীতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন (৩ একর জমিতে),ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ এবং সংস্কার কাজে ৭.৫ কোটি টাকা বরাদ্দ।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও জেলা নির্বাচন পরিচালক বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, প্রেসক্লাব সেক্রেটারি তানভীর আহমেদসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

