পিরোজপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ছাত্রদলের কার্যক্রম স্থগিত

স্টাফ রিপোর্টার: পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জেলা ছাত্রদলের কার্যক্রমও স্থগিত করা হয়েছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সদর উপজেলা বিএনপির কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ভোটগ্রহণ চলাকালে হট্টগোলের সৃষ্টি হয়। ভোট গণনা শেষ হওয়ার আগেই কয়েকজন যুবক ব্যালট ছিনিয়ে নেয়। এ অবস্থায় নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা স্থগিত করে। পরে এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পর্যালোচনার পর বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। এছাড়া জেলা ছাত্রদলের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *