খুবিতে একাডেমিক কাউন্সেলিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আজ ০২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে একাডেমিক কাউন্সেলিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য অর্জনের পাশাপাশি তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করা আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষকদের দায়িত্ব হলো একাডেমিক কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যক্তিগত জীবনে সঠিক দিকনির্দেশনা প্রদান করে ভারসাম্যপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। তিনি শিক্ষার্থীদের মূল চাপের কারণ হিসেবে একাডেমিক চাপ, ব্যক্তিগত সমস্যা, মানসিক স্বাস্থ্য উদ্বেগ, আর্থিক বোঝা, পরিবার থেকে দূরে থাকা, ক্যারিয়ার অনিশ্চয়তা ও নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারাকে চিহ্নিত করেন। এছাড়া কার্যকর কাউন্সেলিংয়ের মূলনীতি হিসেবে সাংস্কৃতিক সচেতনতা, পর্যবেক্ষণ, গোপনীয়তা রক্ষা, শিক্ষার্থীর স্বাধীনতার প্রতি সম্মান ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন।
সেশন চলাকালীন উপাচার্য আরও বলেন, প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষকদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের প্রাথমিক একাডেমিক ও সুস্থতা-সংক্রান্ত সহায়তা প্রদান করা। গুরুতর সমস্যার ক্ষেত্রে শিক্ষার্থীদের পেশাদার কাউন্সেলরের কাছে প্রেরণ করা হবে। এছাড়া নিয়মিত অফিস আওয়ারে কাউন্সেলিং করার পাশাপাশি গোপনীয়ভাবে রেকর্ড সংরক্ষণ করা হবে, যা শিক্ষার্থীর একাডেমিক ফলাফলের সঙ্গে যুক্ত হবে না।
রিসোর্স পারসন হিসেবে আরও সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *