আশুলিয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যা : গ্রেফতার ৫

ঢাকা প্রতিনিধি: ঢাকা মহানগরীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালক শামীম হোসেনকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। শুক্রবার সকাল ১০টার দিকে সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শরীয়তপুরের নড়িয়া থানার আটগ্রাম এলাকার মৃত আব্দুল মান্নান বেপারীর ছেলে ইব্রাহিম বেপারী (২৯), মানিকগঞ্জ সদর থানার বেউথা এলাকার মৃত খোকন বেপারীর ছেলে মৃনাল বেপারী (৩০), মানিকগঞ্জ সদর থানার চরগুসতা এলাকার হোসেন আলীর ছেলে আলামিন ইসলাম সজীব (২৫), চাঁদপুর সদর থানার গুলিশা এলাকার সেকান্ত মিজি ওরফে সেকেন্দার মিজির ছেলে বাবু মিজি (৩০) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার গোলাম মোস্তফার ছেলে মো: ইমরান (২২)। তারা সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। নিহত শামীম হোসেন (২৭) সিরাজগঞ্জের শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার মো: আব্দুস সামাদের ছেলে। প্রেস ব্রিফিংয়ে শাহীনুর কবির বলেন, গত ২৫ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চালক শামীম হোসেনকে হত্যার ঘটনায় নিহতের ভাই আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম সাভার, আশুলিয়া ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত থেকে তিনটি সুইচ গিয়ার চাকু, একটি কাঠের গোলাকার লাঠি ও একটি নোস প্লায়ার্স উদ্ধার করা হয়। শাহীনুর কবির জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *