শেরপুরে নিখোঁজের ৩ দিন পর স্কুলশিক্ষার্থীর মরদেহ ডোবা থেকে উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ৩ দিন পর মাইমুনা আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সন্ধ্যায় নালিতাবাড়ীর ভালুকাকুড়া গ্রামের একটি ডোবার কচুরিপানার ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাইমুনা স্থানীয় মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায় গত শনিবার (২৩ আগষ্ট) দুপুরে বাড়ির উঠানে বান্ধবীদের নিয়ে খেলাধূলা করছিল মাইমুনা। ঔইসময় বান্ধবীদের রেখে ফুল আনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় মাইমুনা। পরে অনেক খুঁজাখুঁজি করেও মাইমুনাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

মঙ্গলবার বিকেলের দিকে মাইমুনাদের বাড়ির কাছাকাছি কচুরিপানা ভর্তি একটি ডোবা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে সেখানে গিয়ে তারা ডোবার কচুরিপানার ভিতরে মাইমুনার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *