পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করতে হবে : জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান
মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেছেন,
“পল্লী এলাকার অবকাঠামোর উন্নয়নে আমাদের কাজ করতে হবে। পিছিয়ে পড়া গ্রামীণ অঞ্চলের জীবনমান উন্নয়নে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে। মাটিভাংগা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের খেলার মাঠ বালু ভরাটসহ নানা উন্নয়নমূলক কাজ করা হবে।”
তিনি আরও বলেন,
“নাজিরপুরের ইউএনও ও এসিল্যান্ড নিয়মিত খোঁজখবর রাখবেন। অবকাঠামোগত উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তার সবগুলো বাস্তবায়নে কাজ করবে প্রশাসন।”
জেলা প্রশাসক বুধবার ( ২৭ আগষ্ট) বিকালে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের তারাবুনিয়া হতে মধ্য বাণীয়ারী ৪ কিলোমিটার সড়ক ও সামন্তগাতী আদর্শগ্রাম সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য ও সমাজসেবক মোঃ হিরুয়ার রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুরের সহকারী কমিশনার (ভুমি) কৌশিক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত, আনোয়ারুল ইসলাম পলাশ, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তারাবুনিয়া থেকে মধ্য বাণীয়ারী পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার প্রথম স্তরের কাজ (ইটের খোয়া ও লোকাল বালি দিয়ে) সম্পন্ন করেছেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা।

