রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিস্কার

সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক: রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেন। জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। হল প্রাধ্যক্ষ বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাঁকে হল থেকে বহিষ্কার করা হলো। তাঁর ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাগ্‌বিতণ্ডার জেরে জালাল আহমেদ রুমমেট রবিউল হককে ছুরিকাঘাত করেছেন। আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালায় এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে, অযথা শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে। পরে কোনোক্রমে আমি আত্মরক্ষা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *