পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ:গ্রেফতার ২
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
গ্রেফতারকৃতরা হলেন ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি এলাকার মো. মোজাহার হাওলাদারের ছেলে রিকশা চালক মো. জাহিদ (৪০) এবং একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. জিয়াউল ইসলাম জিহাদ (৩২)। জিহাদ দৈনিক কীর্তনখোলা (বরিশাল) পত্রিকার ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, সোমবার গভীর রাতে উপজেলার হাসপাতাল মোড়ে ফারুকের দোকানের সামনে একটি বেঞ্চের ওপর রাত আনুমানিক ৩টার দিকে মানসিক ভারসাম্যহীন নারীকে রিকশাচালক জাহিদ জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক জিয়াউল ইসলাম জিহাদ ধর্ষণের ভিডিও ধারণ করেন, কিন্তু কোনো প্রকার বাধা প্রদান করেননি।
পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জাহিদের কাছ থেকে অর্থ দাবি করেন জিহাদ। একপর্যায়ে তিনি নিজেই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন।
পুলিশের নজরে আসার পরই তাৎক্ষণিকভাবে বিটিআরসি ও পুলিশ সদরদপ্তরের সহায়তায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়।
এ ঘটনায় ভিকটিমকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।
দুই আসামিকে গ্রেফতার করে দ্রুত আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

