পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বাড়ি নির্মাণ, বাদীকে হুমকি
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বাড়ি নির্মাণের কাজ। মামলাটি এখনও বিচারাধীন আছে। পাইকগাছার কালুয়ার নিবাসী মোঃ ছদরুল সরদার বাদী হয়ে ২০২৪ সালে ৬ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অবৈধভাবে জমি দখল করে বাড়ি নির্মাণের বিরুদ্ধে মামলা দায়ের করেন (নং ২৫৬/২০২৪, তাং-০৬/১১/২০২৪)। আদালত শুনানি শেষে ১৪৪ ধারা জারি করেন। এ মামলায় মফেজ সানা, মোঃ হাসান সানা, রিপন গাজী ও মোঃ হান্নানকে বিবাদী করা হয়।
শুনানী শেষে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানাকে নির্দেশ দেন এবং জমি প্রকৃত তথ্যসহ প্রতিবেদন দিতে লস্কর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তাকে নির্দেশনা দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদীগণ বাড়ি নির্মাণ কাজ অব্যাহত রাখায় আদালতের শরণাপন্ন হয় বাদী ছদরুল সরদার ২০২৪ সালের ৩০ ডিসেম্বর। আদালত শুনানি শেষে পাইকগাছা থানাকে ব্যবস্থা নিতে নির্দেশসহ তদন্ত রিপোর্ট দাখিলের করতে বলেন। পুলিশ তদন্ত শেষে আদালতে রিপোর্ট দিয়েছে তবে বাদীর বক্তব্য সম্পূর্ন উপেক্ষা করেন তদন্ত কর্মকর্তা। এ ব্যাপারে ডিআইজি খুলনা বরাবর অভিযোগ দেয়া হয়, বর্তমানে তদন্ত পর্যায়ে আছে। আদালতে বিচারাধীন অবস্থায় এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদীরা নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। তাছাড়া বাদী ও তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নানা ভাবে প্রতি নিয়ত হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উলেখ্য, পাইকগাছার লস্কর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা বাদীর বক্তব্য না নিয়ে একতরফা প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উক্ত কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ দেয়া হয়েছে, তারও তদন্ত চলছে।

