ঝিনাইদহে স্কুলের প্রধান শিক্ষক লাঞ্চিত… সহকারী প্রধান শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে বিদ্যালয় প্রাঙ্গণেই মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের চারজন শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন—সহকারী প্রধান শিক্ষক শাহানুর রহমান, হিন্দুধর্মীয় শিক্ষক বিকাশ কুমার, সমাজবিজ্ঞান শিক্ষক শারমিন আক্তার এবং ধর্মীয় শিক্ষক রেজাউল করিম।

ঘটনাটি ঘটে গত ৬ আগস্ট স্কুলে পরীক্ষা চলাকালে শত শত শিক্ষার্থীর সামনে। বর্তমানে প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় শয্যাশায়ী।

তিনি অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ের সমস্ত আয়-ব্যয়ের খাতা কেরানির সহযোগিতায় এই শিক্ষকমণ্ডলী দখল করে নেন। পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার কাছ থেকে জোরপূর্বক চেক স্বাক্ষর করিয়ে স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা তুলে নেন।

বিদ্যালয় কমিটির সভাপতি আহসান কবির জানান, ঘটনার পর তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিলে তারা নোটিশ গ্রহণ না করে বিদ্যালয়ের এক কর্মচারীকে মারধর করেন এবং নোটিশ ছিঁড়ে ফেলেন।

এ ঘটনায় প্রধান শিক্ষক ও সভাপতি যৌথ স্বাক্ষরে গত ১০ আগস্ট জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর থানায় লিখিত অভিযোগ দেন। তবে কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের।

এদিকে জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান ২০ আগস্ট নিজের কার্যালয়ে এক বৈঠকে অভিযুক্ত শিক্ষকদের পক্ষ নিয়ে তাদের কেবল সতর্ক করে মিটিং শেষ করেন। তবে প্রধান শিক্ষকের ওপর হামলার বিষয়টি তিনি এড়িয়ে যান। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি এখন সম্পূর্ণ অসহায়। বিচার চেয়ে বিভিন্ন অফিসে ধর্ণা দিয়েও কোনো ফল পাচ্ছি না। উল্টো আমাকে চাকরি ছেড়ে চলে যেতে হুমকি দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *