জেলা প্রশাসকের কার্যালয়ে কেটলি চুরি, যুবকের ৬ মাসের জেল জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন হৃদয় (২৫) নামে এক যুবক। এ অভিযোগে ভ্রাম্যমান আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।
জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) পলাশ তালুকদার রোববার (২৪ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে কার্যালয় থেকে একটি চায়ের কেটলি চুরি করে পাশের একটি ওষুধের দোকানে বিক্রি করেন হৃদয়। কিছুক্ষণ পর আবারো চুরি করতে গেলে অফিসকর্মীরা তাঁকে ধাওয়া করেন। এ সময় পুলিশ তাকে আটক করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. নাঈম আশরাফ তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সূত্র বলছে, মাদকাসক্ত হৃদয় দীর্ঘদিন ধরেই চুরির মতো কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি সার্কিট হাউসের বৈদ্যুতিক তার চুরির ঘটনাতেও তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৪
জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
আজ রবিবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নেকমরদ করনাইট নতুন বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সলেমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সঞ্জয় রায়ের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
রাণীশংকৈল ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

