পিরোজপুরে বাংলাদেশ পুলিশে টিআরসি পদে নিয়োগ কার্যক্রম শুরু শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মধ্য দিয়ে প্রার্থীদের প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ ব্যাচের নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২০ আগস্ট) পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের কার্যক্রম হিসেবে প্রার্থীদের শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন এবং তত্ত্বাবধান করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি বলেন,“এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক হবে। কোনো ধরনের দালাল চক্র বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা একটি সৎ ও দক্ষ পুলিশ ফোর্স গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, নিয়োগ বোর্ডের প্রতি প্রার্থীরা আস্থা রাখবেন, কারণ যোগ্য প্রার্থীদেরই নির্বাচিত করা হবে।

এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—পুলিশ সুপার ( ইন্টেলিজেন্স) নৌ পুলিশ হেডকোয়ার্টার্স মারুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ এভিয়েশন) পুলিশ হেডকোয়ার্টার্স ইমরান রহমান, সহকারী পুলিশ সুপার ( গলাচিপা সার্কেল) পটুয়াখালী সৈয়দুজ্জামান, সহকারী পুলিশ সুপার ( মঠবাড়ীয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার ( শিক্ষানবিস) বায়োজীদ ইসলাম।

এছাড়া নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন পিরোজপুর জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *