পিরোজপুরে “বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ধর্মীয় নেতাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কাজী-ইমামদের সক্রিয় ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর প্রতিনিধি:
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা সমাজে নানা ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে—বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সমাজের ধর্মীয় ও সামাজিক নেতৃত্বদানের জায়গা থেকে কাজী-ইমামদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের আব্দুর রাজ্জাক সাইফ-মিজান সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। তিনি বলেন,বাল্যবিবাহ শুধু একটি আইনি অপরাধ নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন। এই সমস্যা নিরসনে প্রশাসনের পাশাপাশি ধর্মীয় নেতাদের আরও এগিয়ে আসতে হবে। খুতবা ও ধর্মীয় বয়ানে এ বিষয়ে আলোকপাত করা সময়ের দাবি।”

সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জেলা রেজিস্ট্রার, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম ও কাজীগণ, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিকভাবে জনসচেতনতা গড়ে তুললেই বাল্যবিবাহ রোধ সম্ভব। এজন্য বিশেষভাবে ইমাম ও খতিবদের খুতবায় বাল্যবিবাহের কুফল ও ইসলাম ধর্মে প্রাপ্তবয়স্ক না হলে বিবাহের বৈধতা নেই—এই বার্তা প্রচারের অনুরোধ জানানো হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা একযোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *