পিরোজপুরে সেচ্ছাসেবী সংগঠন “পজেটিভ পিরোজপুর”-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
“গাছ মানুষের জীবনের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আমাদের আরও বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশ রক্ষায় ব্যক্তি ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি”—এমন কথা বলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
রবিবার (১৭ আগস্ট) বিকেলে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “পজেটিভ পিরোজপুর”-এর আয়োজনে শহরের পাড়েরহাট সড়কে ভারানী খাল পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “এ ধরনের স্বেচ্ছাসেবী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, যা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।”
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঐতিহ্যবাহী ভারানী খাল পুনরুজ্জীবনের পর শহরের পাড়েরহাট সড়কের ম্যালেরিয়া পুল থেকে শুরু করে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পাশে রোপণ করা হয় কদম, কামিনী, বকুল, জারুল ও শিমুলসহ বিভিন্ন প্রজাতির গাছ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এবং সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও অংশগ্রহণ করেন “পজেটিভ পিরোজপুর”-এর স্বেচ্ছাসেবক ও ভারানী খাল খননের টিম লিডার মোঃ হাবিবুর রহমান, সেচ্ছাসেবক ও সাংবাদিক মোঃ জুবায়ের আল মামুন, মোঃ নাঈম তালুকদার, মোঃ মনির চৌধুরী, সেচ্ছাসেবক মোঃ আলিফ মাহমুদ রাজিব, মোঃ রুবেল, মোঃ আরিফ, মোঃ আল রাজি জোহা, মোঃ তাইজুল, মোঃ মামুন, মোঃ মাইনুল, সুপতি হালদার চঞ্চলসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
এই কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।

