ইমামদের মিম্বারে বসে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতে হবে — মাসুদ সাঈদী

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
“ইমামতি শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্বশীল দাওয়াতি কাজ। ইমামদের মিম্বারে বসে সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলতেই হবে— এতে কারো পছন্দ-অপছন্দ বা মাহফিলে লোকসংখ্যা নিয়ে চিন্তার কিছু নেই।” — শনিবার (১৬ জুলাই) সকালে পিরোজপুর সদর উপজেলা ওলামা বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে একথা বলেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

“আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে মতবিনিময়” শীর্ষক এই অনুষ্ঠানে মাসুদ সাঈদী বলেন, “আমরা কি বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে দেখতে চাই না?” — তার এই প্রশ্নের জবাবে উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনরা সমস্বরে সম্মতি প্রকাশ করেন।

মাসুদ সাঈদী আরও বলেন, “আল্লামা সাঈদী কখনো মাহফিলকে পেশা হিসেবে দেখেননি, বরং ইসলামের দাওয়াত পৌঁছানোকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। অনেক সময় তিনি যাতায়াত খরচও পাননি, তবুও দাওয়াতি কাজ থেকে বিরত হননি।”
তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, “আপনারাও একইভাবে দ্বীনের কথা বলাকে দাওয়াতি দায়িত্ব হিসেবে নিন।

বিগত সরকারের আমলে আলেম সমাজের ওপর দমন-পীড়নের অভিযোগ করে তিনি বলেন, “গত ১৫ বছরে আমাদের আলেমদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু হকপন্থী কাউকে থামানো যায়নি। জামায়াত নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার রাজনৈতিক প্রতিহিংসা থেকেই করা হয়েছে। প্রশ্ন থেকে যায়— এই ছয়জন ছাড়া আর কেউ কি অপরাধে জড়িত ছিল না? কেন এত বছর পর বিচার? এসবের সদুত্তর নেই।”

তিনি আরও বলেন, “জামায়াতের অগ্রযাত্রা থামাতেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু ইসলামী আন্দোলন থেমে নেই, ভবিষ্যতেও থামবে না।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তিনি বলেন, “ইমাম-মুয়াজ্জিনরা জাতির আদর্শিক নেতৃত্ব। আগামী নির্বাচনে তাদের সচেতন ভূমিকা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি মাসুদ সাঈদীকে বিজয়ী করতে ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ বেলায়েত হোসেন এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ। সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের ওলামা বিভাগের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *