মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক, মদ ও ভায়াগ্রাসহ ৯ জন আটক
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টানা অভিযানে মাদক, অবৈধ মদ ও ভায়াগ্রা ট্যাবলেটসহ নয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন মাদক বহনকারী, অবৈধভাবে ভারত থেকে আসা এবং ভারত যাওয়ার চেষ্টাকারী বাংলাদেশি নাগরিক।
শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) চারটি পৃথক অভিযানে এসব আটক ও মাদকদ্রব্য উদ্ধার করে। বিজিবি জানায়, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ পারাপার রোধে অভিযান আরও জোরদার করা হয়েছে।
প্রথম অভিযান ভোর ৫টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গার ইসলামপুর গ্রামের পিচমোড়ে পরিচালিত হয়। জীবননগর বিওপির টহল দল সেখানে মো. কাসেদ আলী (৫০)-কে ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি বাটন মোবাইল ফোন ও একটি ভ্যানসহ আটক করে। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষপুর গ্রামের মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৯৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে চাপাতলা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে। পুরুষরা হলেন—খুলনার পাইকগাছার মো. আলামিন মোড়ল (৩৭) ও সুমন আলী সরদার (২৯)।
দুপুর ১১টা ৪০ মিনিটে খোসালপুর গ্রামে আরেক অভিযানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় এক নারীকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।##

