জামায়াতের অর্থায়নে কাঠের সেতু নির্মাণ
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভেঙে যাওয়া বারৈয়ারঢালা লবণাক্ষ সি সড়কে কাঠের সেতু নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনচলাচলের সুবিধার্থে স্থানীয় বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে তাৎক্ষণিক এ সেতুটি তৈরি করে দেয়া হয়। গতকাল বুধবার সকালে চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
জানা যায়, সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লবণাক্ষ সি সড়কের মাঝ পথে ভেঙে যায়। যে কারণে এই সড়কটি ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। চলাচলে দুর্ভোগে পড়েন এলাকার কয়েক হাজার পথচারী ও স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীরা।
স্থানীয় সিএনজি চালক মহিউদ্দীনন বলেন, ভারী বর্ষণের কারণে সড়ক ভেঙে যাওয়ায় দীর্ঘ দিন ধরে এই সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ ছিল। এখন সীমিত আকারে কিছু ছোট গাড়ি চলাচল করছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা সভাপতি ও জামায়াত নেতা মিছবাহুল আলম রাসেল বলেন, সড়কটি ক্ষতিগ্রস্থ হয়ে চলাচলের দুর্ভোগের কথা জানতে পেরে আমরা তাৎক্ষণিক একটি সাময়িক কাঠের সেতু নির্মাণ করে দিয়েছি। সড়কটির স্থায়ী সংস্কারের ব্যাপারেও সংশ্লিষ্ট দফতরের সাথে যোগাযোগ করেছি।

