দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার :
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এগুলো শুধুমাত্র ভবন আর মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে না—খেলাধুলার ধারাবাহিকতা নিশ্চিত করে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করাই হবে এর মূল লক্ষ্য।
তিনি বলেন, “দর্শক স্টেডিয়ামে ভবন দেখতে আসবে না, তারা আসবে খেলা দেখতে। তাই স্টেডিয়ামগুলো যাতে অকার্যকর হয়ে না পড়ে, সেজন্য উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থাগুলোকে সবসময় সক্রিয় থাকতে হবে।”
উপদেষ্টা জানান, বর্তমানে দেশের ১৫০টি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে এবং অচিরেই তা সম্পন্ন হবে।
আজ সকালে নাটোরের কানাইখালিতে সদর উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নাটোরসহ দেশের আরও ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপদেষ্টা স্টেডিয়াম ঘুরে দেখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা।
পরে তিনি নাটোরের জেলা পরিষদ মিনারায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *