এক-এগারোর প্রতিধ্বনি শোনা যাচ্ছে: উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিনিধি:
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করেছেন যে, দেশে আবারও ২০০৭ সালের ১১ জানুয়ারির মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না। তার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে, যেখানে অনেকেই নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এই ঘটনা বাংলাদেশে ‘ওয়ান ইলেভেন’ নামে ইতিহাসে সম্বোধিত। ওই সময় তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ থেকে সরে এসে জরুরি অবস্থা জারি করেন এবং ২২ জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নির্বাচন বাতিল করেন। এর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, যার প্রধান ছিলেন সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. ফখরুদ্দিন আহমেদ। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈন ইউ আহমেদ। মাহফুজ আলমের মন্তব্য এ ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি বিষয়ে সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *