সুন্দরবনে পৃথক অভিযানে ১০ জেলে আটক জব্দ বিষ ও মাছ ধরার সরঞ্জাম

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে পৃথক অভিযানে বনরক্ষীরা দুটি ট্রলার ও একটি নৌকা সহ দশ জেলেকে আটক করেছে। জব্দ করা হয়েছে কীটনাশক ও বিপুল পরিমাণ মাছ ধরার জাল। আটক জেলেদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।

বন বিভাগসূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় (০৩ আগস্ট) জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুবলার বড় ভ্যাদাখালি ও মেহেরআলী খাল থেকে দুটি ট্রলার সহ আট জেলেকে আটক করে। আটক জেলেরা অবৈধ ভাবে সুন্দরবনের খালে মাছ ধরছিল। এ সময় বনরক্ষীরা জেলেদের কবল থেকে ১১ বোতল কীটনাশক, বিপুল পরিমাণ মাছ ধরার জাল, ৬৫০ টি বড়শিসহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে। আটক জেলেরা হচ্ছে সিরাজুল (৩৫), সিকান্দার আলী (৪০), ওবায়দুল শেখ (৩৮), ওহাব (৩৮), শহিদুল (৩৫), মুহিত (৩৯), জাহিদুল (৩৭), আলী হাসান (৩৬)। এদের বাড়ি বাগেরহাটের কচুয়া ও মোড়েলগঞ্জ এলাকায়। আটক জেলেরা সুন্দরবনে নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ শিকারের জন্য সুন্দরবনে গিয়েছিলো। অপরদিকে, পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেষ্টার তানভির হাসান ইমরানের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে সোমবার ভোরে শরণখোলা রেঞ্জের ধাবরী খাল এলাকা থেকে একটি ডিঙি নৌকাসহ দুই জেলেকে আটক করেছে। এসময় জব্দ করা হয়েছে দুই কেজি চিংড়ি ও একটি বেড় জাল।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনে পৃথক অভিযানে আটক দশ জেলের বিরুদ্ধে বন মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আটক জেলেদের বাগেরহাট আদালতে চালান দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *