পিরোজপুরে “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠানমালা অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রজন্মের অনুপ্রেরণা
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণ” অনুষ্ঠানমালা। বৃহস্পতিবার (৩১ জুলাই) পিরোজপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে এই আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ,জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।
বক্তারা বলেন, “জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতা-পরবর্তী সময়ে যখন দেশ সংকটে পড়েছিল, তখন যারা বুক চিতিয়ে সংগ্রামে নেমেছিলেন, তাদের স্মরণ ও সম্মান জানানো নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।”
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয় এবং তাদের অবদানের ওপর ভিত্তি করে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই আয়োজন প্রমাণ করে, অতীতকে স্মরণ করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার চেতনা আজও জীবন্ত।

