পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টঃ
পিরোজপুরে এক হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার এবং মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মোঃ মাহাবুব।
রায় ঘোষণার সময় আসামি ফোরকান হাওলাদার পলাতক ছিলেন। মামলার অপর পাঁচ আসামি অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৯ এপ্রিল রাত ১০টার দিকে সদর উপজেলার কুমিরমারা গ্রামের ফেরিঘাট এলাকায় নিজ চায়ের দোকানের কাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই গ্রামের কাসেম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার। পথিমধ্যে কুমিরমারা স্লুইস গেট এলাকায় আসামিরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন।
পরে তাকে একটি ট্রলারে তুলে নিয়ে গিয়ে পিরোজপুরের হুলারহাট বাজারের খালের পাড়ে একটি গাছের সঙ্গে ট্রলার বেঁধে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। রাত আনুমানিক ১টার দিকে হুলারহাট বাজারের নৈশপ্রহরী আনসার আলী ট্রলারে আহত অবস্থায় জামালকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ জামালকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১০ এপ্রিল জামাল হাওলাদার মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে থানায় আট জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।

