পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে ১০ মেট্রিক টন সরকারি চালসহ ট্রাক আটক, পাচারকালে গ্রেফতার ২
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ এলাকায় যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা এনএসআই-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারকালে চাল বোঝাই একটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।
জানা গেছে, পিরোজপুর শহরের পুরাতন পৌরসভা এলাকার মেসার্স সুমন এন্টারপ্রাইজের গোডাউন থেকে এসব সরকারি চাল খুলনায় পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। ট্রাকটি খুলনার পথে যাওয়ার সময় বলেশ্বর ব্রিজ এলাকায় থামিয়ে তল্লাশি চালিয়ে চালগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ট্রাকচালক মিজান সেখ (৪২), পিতা: ইব্রাহিম সেখ, জেলা: খুলনা এবং তার সহযোগী হেলপার রমজান হাওলাদার (১৮), পিতা: ইশারাত হাওলাদার, গ্রাম: মহিষপুরা, থানা: মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাট।
জব্দকৃত চালের বিবরণ:নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির চাল: ১৮২ বস্তা (মূল্য: ৩,১৮,৫০০ টাকা),সরকারি খাদ্য গুদামের চাল: ১০৯ বস্তা (মূল্য: ৩,৮১,৫০০ টাকা),মোট মূল্য: প্রায় ৭ লাখ টাকা
ট্রাকের নম্বর: খুলনা-১৫-০০০৯
মামলার বিস্তারিত:সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুর সদর থানায় নিয়মিত মামলা (জিআর মামলা নং ২১, তারিখ: ২৯-০৭-২০২৫) রুজু করা হয়েছে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
