সমুদ্র সৈকতে প্রকাশ্যে স্ত্রীকে মারধর, স্বামী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী।

পুলিশ জানায়, ২৪ জুলাই বেলা ১১টার দিকে সুগন্ধা পয়েন্টের ঝাউবাগানে এক যুবক তাঁর স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তা পুলিশের দৃষ্টিগোচর হয়। এরপর কক্সবাজার সদর মডেল থানার একটি দল অভিযান চালিয়ে আজ তাঁকে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই নারীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া যুবক ও নির্যাতনের শিকার নারী স্বামী–স্ত্রী। তাঁদের বাড়ি কুমিল্লায়। ওই দম্পতি ঘটনার এক দিন আগে (২৩ জুলাই) কক্সবাজারে বেড়াতে আসেন। স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ রয়েছে। ঘটনার দিনও যৌতুকের দাবিতে তিনি স্ত্রীকে মারধর করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ বিষয়ে থানায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *