প্রধান শিক্ষক নেই, থমকে নিয়োগ—দুর্ভোগে দত্তনগর এস এম ফার্ম স্কুলের শিক্ষার্থীরা
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর এস এম ফার্ম মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও নৈশ প্রহরীর পদ শূন্য রয়েছে। ফলে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বারের মাধ্যমে বিদ্যালয়টি পরিচালিত হলেও পূর্ণকালীন প্রধান শিক্ষক না থাকায় সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দিচ্ছে। অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ—নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে ইচ্ছাকৃতভাবে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও তার বাস্তবায়ন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কথা থাকলেও কার্যক্রমে নেই গতি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল জানান, বিদ্যালয়ে কমিটি না থাকায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, বিষয়টি তার জানা নেই।
সচেতন মহলের দাবি—শিক্ষার স্বার্থে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিদ্যালয়ে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি।

