খুলনার ওয়েস্টার্ন ইন হোটেলে থেকে নারীর মরদেহ উদ্ধার

সেখ রাসেল, ‍ব্যুরো চিফ, খুলনা:
খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেল থেকে শাঞ্জা ইসলাম (২৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে সাড়ে ৪টার দিকে ওই নারীর মরদেহ হোটেলের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয়। শান্তা ইসলাম বাগেরহাট জেলার তেলীগাতি গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। তিনি ঢাকার বিভিন্ন এলাকায় গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ জানায়।

হোটেল সূত্রে জানা গেছে, ওই নারী গত বুধবার ও বৃহস্পতিবার টানা দুই দিন ‘আসমা’ নাম ব্যবহার করে কক্ষটি ভাড়া নিয়েছিলেন। খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে খুলনায় আসেন ওই নারী। শুক্রবার সকালে তিনি হোটেলে নাস্তা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ কক্ষটি পরিষ্কার করতে গিয়ে ডাক দিলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ হোটেলের ওই কক্ষটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শান্তা ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি গায়ের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

তিনি আরও বলেন, এর আগেও তিনি বিভিন্ন হোটেলে ছদ্ম নাম ব্যবহার করে অবস্থান করেছেন। কিন্তু টাকা দিতে না পারায় ব্যাগ ফেলে রেখে চলে যান। তার কাছে একটি জন্ম সনদ পাওয়া গেছে। তার সনদের ওপর ঢাকার একটি গৃহপরিচারিকা সাপ্লাই কোম্পানির ঠিকানা পাওয়া গেছে। যোগাযোগ করা হলে সেখান থেকে তার পরিচয় জানা যায়। তিনি ঢাকায় মুর্শিদা নামে এক মহিলার বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত ছিলেন

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি একটি রহস্যজনক মৃত্যু বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। বিস্তারিত জানার জন্য পত্রিকার পাতায় চোখ রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *