যা কেউ ভাবেনি, তাই করে দেখালেন শাহিন- ঝিনাইদহে খেজুরের বীজ থেকেই তৈরি করছেন কফি
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
দেশি খেজুরের বীজ পড়ে থাকত অবহেলায়, পাখিদের খাবার হয়ে। কেউ ভাবেনি এই বীজ থেকেও কিছু তৈরি হতে পারে,আর তা যদি হয় কফির মতো জনপ্রিয় পানীয়! কিন্তু যা কেউ ভাবেনি, তাই করে দেখিয়েছেন ঝিনাইদহের কৃষি উদ্ভাবক আহসান ইসলাম শাহিন। দেশি খেজুরের বীজ থেকেই তিনি তৈরি করেছেন এক নতুন পানীয়,যার স্বাদ ও ঘ্রাণ কফিকেও হার মানায়।
শাহিন ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়ার জাড়গ্রামে গড়ে তুলেছেন একটি ছোট্ট খামার। নবগঙ্গা নদীর কোলঘেঁষে প্রায় ৪৩ শতক জমিতে তিনি চাষ করছেন নানা ফল, সবজি ও ওষুধি গাছ। ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স বিষয়ে পড়াশোনা করা শাহিন একসময় ঢাকায় চাকরি করতেন। কিন্তু কৃষির প্রতি জন্মগত ভালোবাসা থেকেই চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে গড়ে তুলেছেন গবেষণাভিত্তিক খামার।
শাহিন জানান, দেশি খেজুরের রস ও গুড় জনপ্রিয় হলেও ফলটি পড়ে থাকে অবহেলায়। ইউটিউবে মধ্যপ্রাচ্যের একটি ভিডিও দেখে তিনি জানতে পারেন, খেজুরের বীজ থেকে তৈরি কফি ওখানে বেশ প্রচলিত। এরপর শুরু করেন নিজস্ব পদ্ধতিতে এই পানীয় তৈরির কাজ।
তিনি বলেন, প্রথমে খেজুরের বীজ সংগ্রহ করে ভালো করে ধুয়ে রোদে শুকাই। এরপর বালুভর্তি কড়াইয়ে মচমচে করে ভেজে নেই। তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে তৈরি হয় খেজুর বীজের কফি। দেখতে কফির মতো, খেতেও দারুণ।
এই অভিনব কফির খোঁজে এখন প্রতিদিন মানুষ আসছেন দূরদূরান্ত থেকে। অনেকে শিখছেন এর প্রস্তুত প্রণালীও। স্থানীয় বাসিন্দা সামাদ আলী বলেন, শাহিন চাচা শুধু কফিই না, খেজুরের খোসা থেকেও তৈরি করছেন গুড়। দুটোই চমৎকার।
স্থানীয় যুবক শরিফুল ইসলাম জানান, এই কফি খেতে যেমন ভালো, তেমনি শরীরের জন্যও উপকারী। শাহিন ভাই সবাইকে খোলামনে শেখান।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর-এ-নবী বলেন, বাংলাদেশে এই প্রথম দেশি খেজুরের বীজ থেকে এমন একটি স্বাস্থ্যকর বিকল্প পানীয় উদ্ভাবন করেছেন শাহিন। আমরা তার উদ্ভাবনকে উৎসাহ দিচ্ছি ও প্রয়োজনীয় সহযোগিতা করছি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান বলেন, ক্যাফেইনযুক্ত কফির ক্ষতি থাকলেও খেজুর বীজের পানীয় সম্পূর্ণ নিরাপদ। এটি হজমে সহায়ক, স্থূলতা ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
দেশি খেজুরের অবহেলিত বীজের এমন ব্যবহারে তৈরি হয়েছে এক নতুন দিগন্ত। উদ্ভাবক শাহিন যেন হয়ে উঠেছেন গ্রামের সাধনার সফল রূপকার।

