বটির কোপে শিশুর মর্মান্তিক মৃত্যু, ঝিনাইদহে শোকের ছায়া

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-

ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়া এলাকায় রান্নাঘরে রাখা সবজি কাটা বটি ঘাড়ে পড়ে সাইম (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু সাইম শহরের সমবায় ব্যাংক মার্কেটের “সততা প্রিন্টিং প্রেস”-এর মালিক মনিরুজ্জামানের ছেলে। তাদের গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা রান্নাঘরে সবজি কাটছিলেন। খেলার ছলে বটি ধরতে চাইলে, মা সেটি রান্নাঘরের র‌্যাকে রেখে দেন। কিছুক্ষণ পর মা অন্য ঘরে চলে গেলে সাইম র‌্যাকের উপর থেকে বটি নামাতে গিয়ে সেটি ঘাড়ের উপর পড়ে যায়। এতে তার ঘাড়ের রগ কেটে মারাত্মক রক্তক্ষরণ হয়।

আহত অবস্থায় সাইমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

এই করুণ মৃত্যুর ঘটনায় সমবায় মার্কেটসহ ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মিঠু, এইচএসএস সড়ক দোকান মালিক সমিতির সম্পাদক এম রবিউল ইসলাম রবি, এবং সমবায় মার্কেটের ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *