পরকীয়ার বলি স্বামী, হরিণাকুন্ডুতে স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় চাঞ্চল্যকর জসিম হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার পরকীয়া প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ জানান, দণ্ডপ্রাপ্ত রিতা খাতুন উপজেলার কেষ্টপুর গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং আব্দুল মালেক ভালকী গ্রামের জালাল মন্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ নভেম্বর রিতা খাতুন তার পরকীয়া প্রেমিক মালেকের সহায়তায় স্বামী জসিম উদ্দিনকে কৌশলে বাড়ির পাশে ডেকে নিয়ে চেতনানাশক খাইয়ে হত্যা করে। ঘটনার পর নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা এসআই অনিশ মন্ডল আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত উভয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. রবিউল ইসলাম, এ্যাড. নেকবার ও এ্যাড. রিমা ইয়াসমিন এবং আসামিপক্ষে ছিলেন এ্যাড. আনোয়ার হোসেন ও এ্যাড. গৌতম কুমার।

রায় ঘোষণার পর নিহত জসিম উদ্দিনের ভাই আব্দুর রশিদ বলেন, আসামিদের ফাঁসি হলে আমরা আরও সন্তুষ্ট হতাম। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে, সেটি আমরা প্রমাণ করতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *