টিএসসিতে রিকশায় চালকের মরদেহ
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের যাত্রী ছাউনির পাশে রিকশায় বসেছিলেন চালক দুলাল সরকার। সবাই ভেবেছিলেন বিশ্রাম নিচ্ছেন তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সাড়াশব্দহীন একইভাবে বসে থাকায় পথচারী ও শিক্ষার্থীরা এগিয়ে দেখে তিনি মারা গেছেন। মৃত্যুর প্রায় ৯ ঘণ্টা পর গতকাল বুধবার ভোরে ওই রিকশাচালকের পরিচয় শনাক্ত করে পুলিশ। আনুমানিক ৬৫ বছর বয়সী রিকশাচালক দুলাল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় দুলালকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান শাহবাগ থানার এসআই মো. মিঠু ফকির। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

