কোটচাঁদপুরে সড়কের দুরবস্থায় ধানের চারা রোপণ করে ব্যতিক্রমী প্রতিবাদ তালসার গ্রামবাসীর
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
বেহাল সড়ক সংস্কারে বারবার দাবি জানিয়েও কোনো সাড়া না পেয়ে শেষমেশ ভিন্নধর্মী পথে প্রতিবাদে নেমেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে তারা তালসার থেকে ঘাঘা বালিখোলা সড়কের খারাপ অংশে ধানের চারা রোপণ করে দুর্দশার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।
স্থানীয়রা জানান, তালসার বাজার থেকে ঘাঘা বালিখোলা পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তাটির এক কিলোমিটার অংশে ইটভাঙা সলিং ভেঙে কাদা আর খানাখন্দে পরিণত হয়েছে। বাকি অংশ আরও বেশি নাজুক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই রাস্তাটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।
তালসার পূর্বপাড়ার বাসিন্দা ও সাবেক সেনা সদস্য রবিউল ইসলাম বলেন, “আমাদের পাড়ার প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কোথাও বলেও কাজ হয়নি, তাই আমরা প্রতীকীভাবে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছি।
স্থানীয় কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ জানান, রাস্তাটি এলজিইডির আওতাভুক্ত হওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে কোনো প্রকল্প নেয়া যাচ্ছে না। তবে সংশ্লিষ্টদের বহুবার জানানো হয়েছে। প্রতিবছর বাধ্য হয়ে নিজ উদ্যোগে কিছুটা সংস্কারের চেষ্টা করি।
উপজেলা প্রকৌশলী সিদ্ধান্ত কুমার কুন্ডু বলেন, “ঘটনার বিষয়ে জানতাম না। রাস্তার নাম জানালে খোঁজ নিয়ে দেখা হবে এই রাস্তার আইডি হয়েছে কিনা। না হয়ে থাকলে কীভাবে কাজ করা যায়, তা দেখা হবে।
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম বলেন, ঘটনার কথা এখন শুনলাম। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

