৫ লাখ সৌদি রিয়াল লুটের অভিযোগে গ্রেপ্তার ৬
সেখ রাসেল, সহকারী দপ্তর সম্পাদক, অনলাইন ডেস্ক:
রাজধানীর একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ সৌদি রিয়াল লুটের সঙ্গে জড়িত অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ। বুধবার (০২ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
ডাকাতির নাটক সাজিয়ে প্রাইভেট কারে অস্ত্র ঠেকিয়ে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ রিয়েল লুট করেছে ডাকাতরা। মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটির পল্টন অফিস থেকে প্রায় কোটি টাকা মূল্যের রিয়ালগুলো উত্তরায় নেওয়া হচ্ছিল। অভিযোগ পেয়ে গোয়েন্দা যৌথ অভিযান চালিয়ে ওই প্রাইভেট কারে থাকা মানি এক্সচেঞ্জের কর্মচারী তুহিনসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছে থেকে জব্দ করা হয় ২ লাখ ৬৯ হাজার রিয়াল। গ্রেপ্তার তুহিনের সহযোগিতায় জিম্মির নাটক সাজিয়ে এ ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান। তিনি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় মানি এক্সচেঞ্জের সৌদি ৫ লাখ রিয়াল পল্টন থেকে নেওয়া হচ্ছিল উত্তরায়। পথিমধ্যে তেজগাঁও এসেনসিয়াল ড্রাগ অফিসের সামনে কয়েকজন অস্ত্রের মুখে ওই প্রাইভেট কারে থাকা রিয়েলগুলো লুটে নেয়। গাড়িতে প্রতিষ্ঠানটির কর্মচারী তুহিনও ছিলেন।
খবর পেয়ে ঠান্ডু মিয়া পুলিশে অভিযোগ জানান। পরে সন্দেহভাজন তুহিনকে জিজ্ঞাসাবাদে অস্ত্রের মুখে জিম্মি নাটকের বিষয়টি নিশ্চিত হয়ে রাতেই অভিযান চালিয়ে তুহিনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা হয় ২ লাখ ৬৯ হাজার রিয়াল। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আসলাম হোসেন জানান, ডাকাতির ঘটনাটি ছিল সাজানো। এ ঘটনায় মামলা হয়েছে। অন্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট রিয়াল উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

