সাপ নিয়ে খেলার মাশুল, ঝিনাইদহে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা –
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে সাপ নিয়ে খেলার সময় ছোবলে আক্রান্ত হয়ে মাহাফুজুর রহমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ছোবলের পর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাহাফুজুর ওই গ্রামের মতিয়ার রহমান মতির একমাত্র ছেলে। স্বজনরা জানান, সোমবার সে একটি তালগাছ থেকে সাপ ধরে এনে টিফিন বাটিতে রাখে। পরদিন খেলতে গিয়ে সাপটি তার হাতে ছোবল দেয়। তখন সে গাছের পাতা ঘষে ও মুখ দিয়ে বিষ টেনে তুলতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ে।
ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফরিদপুরে নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়।
বুধবার সকালে জানাজা শেষে কিশোর মাহাফুজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা বলেন,নিজের ভুলেই এই মৃত্যু। সাপ বা যেকোনো বিপজ্জনক প্রাণী নিয়ে কখনোই খেলা করা উচিত নয়।
চিকিৎসক ও স্থানীয়রা শিশু-কিশোরদের সচেতনতায় অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

