সান্তাহারে ফেমাস ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যু ;
আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ফেমাস ক্লিনিকের কর্তৃপক্ষের অবহেলায় টফি বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যু অভিযোগ উঠেছে।
গত শুক্রবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এই ঘটনাটি ঘটেছে। মৃত টফি বেগম উপজেলার সান্তাহার পৌর শহরের পাশে পৌঁওতা টিকড়ী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। ঘটনার পর থেকে ওই ক্লিনিকের চিকিৎসকসহ স্টাফরা পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে টফি বেগমকে সান্তাহার ফেমাস ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে বাচ্চা প্রসবের জন্যে ভর্তি করানো হয়। এরপর কয়েক ঘন্টা তাকে চিকিৎসা দিচ্ছিলেন ক্লিনিকের দায়িত্বরতরা। হঠাৎ রোগীর অবস্থা অবনতি হলে তাকে নওগাঁ জেলা সদর হাসাপাতালে হস্তান্তর করেন। নওগাঁতে নেওয়ার পথে তিনি মারা যান। পৌঁওতা টিকড়ী গ্রামের বাসিন্দা ও নিহত টফি বেগমের প্রতিবেশী মোজাম্মেল হক বলেন, ক্লিনিকের দায়িত্বরতদের অবহেলায় প্রসূতি মৃত্যু হয়। প্রসূতি মৃত্য ঘটনা জানার পর আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন ক্লিনিকের সামনে হট্টগোল শুরু হলে খবর পেয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বলেন, টফি বেগম নামের এক প্রসূতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

