পিরোজপুর ইন্দুরকানীতে ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
পিরোজপুরের ইন্দুরকানীতে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে ইউপি সদস্যের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম (৫০) এবং তার ভাইয়ের স্ত্রী মুকুল আক্তার (৪০)।
সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম বাড়ির সামনে পুকুর পাড়ে বসে আছেন এমন সময় ইউনুস নামের এক প্রতিবেশীসহ কয়েকজন তাকে কুঠার দিয়ে কুপিয়ে আক্রমণ করে। শহিদুলের চিৎকারে তার স্ত্রী রেহেনা বেগম ও ভাবী মুকুল আক্তার তাকে বাঁচাতে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। ঘটনাস্থলেই শহিদুল ও মুকুল আক্তার মারা যান। গুরুতর আহত রেহেনা বেগমকে প্রথমে পিরোজপুর পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

