আমাদের বক্তব্য উপেক্ষা করা হলে পরিণাম শুভ হবে না: সালাহউদ্দিন
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা কথা বললে অন্তর্বর্তী সরকার বিরূপ প্রতিক্রিয়া দেখায়। আর নির্বাচনের কথা বললে আরও বেশি অস্বস্তি প্রকাশ করে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই—যত দ্রুত সম্ভব, জাতীয় নির্বাচনের আয়োজন করুন। সেটাই ছিল আপনাদের প্রতিশ্রুতি। আমরা নম্রভাবে কথা বললেও সেটিকে দুর্বলতা ভাববেন না। আমাদের বক্তব্য উপেক্ষা করা হলে পরিণাম শুভ হবে না।’ সোমবার (১৯ মে) বিকেলে সিলেট নগরের টিভি গেট এলাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের বিএনপির ‘সদস্য ফরম সংগ্রহ/নবায়ন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘উপদেষ্টারা যেভাবে অগণতান্ত্রিক ভাষায় কথা বলছেন এবং যেসব সমস্যার সঙ্গে জড়িত রয়েছেন, আমরা সেগুলোর তথ্য দিয়েছি। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ‘সংস্কারের ফল পেতে নির্বাচিত সংসদের বিকল্প নেই’ উল্লেখ করে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য আরও বলেন, ‘আমরা সেই কথা (নির্বাচনের) বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করবে না তো কী করবে? আপনারাই বলে দেন? বর্তমান বিশ্বে গণতান্ত্রিকভাবে শাসনব্যবস্থার জন্য নির্বাচনের বিকল্প নাই। সেই নির্বাচনের কথা বললে তাঁরা খুব গোস্বা হন। অনেক উপদেষ্টা আছেন, যাঁরা বলছেন, তাঁরা নাকি জনগণের দ্বারা নির্বাচিত, গণ-অভ্যুত্থান নাকি তাঁদের নির্বাচিত করেছে।’

