যশোরে ফুচকা খেয়ে ২ শতাধিক অসুস্থ, বিক্রেতা আটক
যশোর প্রতিনিধি:
যশোর অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, ঈদের দিন ভৈরব ব্রীজের পূর্ব পাড়ে মনির হোসেন নামের এই ব্যক্তি চটপটি ও ফুচকা বিক্রির অস্থায়ী একটি দোকান দেয়। ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরবর্তীতে গভীর রাত থেকে তারা পেটের ব্যথা, পাতলা পায়খানা, বমি ডাইরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে।
বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় এবং সোস্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হওয়ায় ফুচকা দোকানদার মনির হোসেনকে আটকের অভিযান শুরু করে থানা পুলিশ।
বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মনির হোসেন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আবদুল লতিফ মিন্টুর ছেলে। আটকের পর মাওলানা তানজিম হোসাইন নামের একজন ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

