সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ৩ টি ড্রেজার মেশিন জব্দ, এক লাখ টাকা জরিমানা
মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুরে নির্মাণাধীন তিস্তা সেতু এলাকায় নৌপথে অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি বড় ড্রেজার মেশিন ও ২০ টি ড্রাম জব্দসহ একজনের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালান ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ । অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ জানান, ‘অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়েছি। এতে ৩ টি বড় ড্রেজার মেশিন ও ২০ টি ড্রাম জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চন্ডিপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে সাকাউলের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

