‘সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভাবনায় সরকার’
অপরাধ তথ্যচিত্র ডেক্স: করোনা পরিস্থিতি কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১৪ নভেম্বরের পর সীমিত পরিসরে খুলে দেওয়ার কথা ভাবছে সরকার। তবে কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি খুলে দেওয়া যাবে তা নিশ্চিত নয়।
শিক্ষা বিষয়ক প্রতিবেদকদের একাংশের সংগঠন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরাম এর অনলাইন শিক্ষা কার্যক্রমের জরিপের ফল নিয়ে বুধবার এক ভার্চুয়াল আলোচনা সভায় শিক্ষামন্ত্রী দীপু মনি এমনটাই জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা এ মাসের ১৪ তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। ১৫ তারিখ থেকে স্কুল খুলবে কি না, তা নিয়ে কাজ করছি।তিনি বলেন, ১৪ তারিখের আগে তো আমাদের একটা সিদ্ধান্ত দিতেই হবে। তাই কাল বা পরশুর সরকারি সিদ্ধান্ত জানানো হবে।দীপু মনি বলেন, সংকটের মধ্যেও আমরা পড়াশোনাকে চালিয়ে নিতে পেরেছি, চালিয়ে যাচ্ছি। অবশ্যই এটি আমাদের কোনো আদর্শ পরিস্থিতি নয়। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্যে আমরা চেষ্টা করছি।
এদিকে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখলেও আগামী ১৫ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সচিব জানান, আগামী ১৫ নভেম্বর থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে। সেখানে পরবর্তী এসএসসি পরীক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু করা হবে। এছাড়া আগামী বছর নির্ধারিত সময়ে এসএসসি পরীক্ষার আয়োজন করতে নীতিগত সিদ্ধান্তও নেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তবে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্বাস্থ্যবিধি মেনে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।

